জয় সিলিকন টাওয়ারে জায়গা পেলো ৮ প্রতিষ্ঠান
রাজশাহীর পদ্মাপাড়ে গড়ে তোলা হয়েছে ১০ তলা জয় সিলিকন টাওয়ার। বৃহস্পতিবার এই টাওয়ারে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে ৮টি প্রতিষ্ঠানকে।
রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিন ব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে সংশ্লিষ্টদের হাতে জায়গা বরাদ্দের দলিল তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে এই দলিল বুঝে নেন এমডি ইনফোটেক, বিজনেস অটোমেশন লিমিটেড, ফ্লিট বাংলাদেশ,উইমেন ইন ই কমার্স- উই, রিয়েল আইটি, চালডাল এবং শপআপ এর কর্ণধাররা।
এরপর স্টুডেন্ট টু স্টার্টআপের অধীনে রাজশাহীর স্টার্টআর সেলগড়ি ম্যানেজমেন্ট প্লাটফর্মের ওয়েব অ্যাপ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এর আগে বছরব্যাপী মেন্টরিং এর অংশ হিসেবে প্রতিটি স্থানে ৩দিন ব্যাপি স্টার্টআপ ক্যাম্পের অংশ হিসেবে একই ভ্যেনুতে ‘স্টার্টআপ ক্যাম্প’উদ্বোধনকালে এই স্টার্টআপরাই চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের আইসিটি শিল্পে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন পলক। তুলে ধরেন দেশে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিকাশের পরিসংখ্যান।
হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক ও উপ-পরিচালক মাহফুজুল কবীরসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয় তিন দিন ব্যাপী এই কর্মসূচিতে মোট ১২টি সেশনের পাশাপাশি প্রত্যেক স্টার্টআপ এর জন্য ৩টি করে সার্ভে সেশন আয়োজন করা হবে। পরিচালনা করা হবে স্টার্টআপ সমূহের প্রয়োজন অনুসারে ৬ মাসের একটি কারিকুলামের মাধ্যমে পার্সোনালাইজড ইনকিউবেশন প্রোগ্রাম। কর্মশালা নেবেন অ্যামাজন এর স্টার্টআপ ও সল্যুশন আর্কিটেক্ট মোঃ মাহদি-উজ জামানসহ সরকারী ও বেসরকারী মেন্টররা।